সিনিয়র রিপোর্টার: দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান মোহাম্মদ এজাজের বিদেশ গমন রোধে আবেদন করেন। আবেদনে বলা হয়, এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন একাধিক গুরুত্বপূর্ণ খাতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মিরপুর–গাবতলী পশুর হাটের ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং এলাকায় দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা, ফুটপাতের দোকান বরাদ্দসহ ডিএনসিসির স্বার্থসংশ্লিষ্ট আরও বিভিন্ন কার্যক্রম।
আবেদনে বলা হয়, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য দুদক মোহাম্মদ এজাজকে নোটিস দিয়ে তলব করলেও তিনি নির্ধারিত সময়ে হাজির হননি।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন। এতে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।
দুদকের যুক্তি ও উপস্থাপিত তথ্য বিবেচনায় নিয়ে আদালত মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।
রিপোর্টার্স২৪/এসসি