| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছয়টি ক্যাটাগরিতে প্রায় ৪০টি স্টল, প্রদর্শনীতে নানা প্রজাতির প্রাণী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ০২:১২:৩২:পূর্বাহ্ন  |  ৫১৬ বার পঠিত
ছয়টি ক্যাটাগরিতে প্রায় ৪০টি স্টল, প্রদর্শনীতে নানা প্রজাতির প্রাণী

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছয়টি ক্যাটাগরিতে প্রায় ৪০টি স্টলে সাজানো হয়েছে প্রাণিসম্পদ খাতের নানা আয়োজন। প্রদর্শনীতে হাঁস-মুরগি, ভেড়া, ছাগল, বিড়াল, কুকুর, মহিষ, ঘোড়া, গাধাসহ বিভিন্ন প্রজাতির প্রাণী স্থান পেয়েছে। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ঘোড়া ও ভিন্ন জাতের বাহারি হাঁস-মুরগি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে জেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সমন্বয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রদর্শনীস্থলে এসে শেষ হয়। পরে প্রদর্শনী উদ্বোধন, পরিদর্শন, আলোচনা সভা ও স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রদর্শনীতে ছয়টি ক্যাটাগরিতে প্রায় ৪০টি স্টলে খামারি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত প্রাণিসম্পদ, আধুনিক প্রযুক্তি এবং সফলতার চিত্র তুলে ধরেন। স্টলগুলোতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্ভাবন, উন্নত জাতের পশুপাখি, প্রাণিখাদ্য ও খামার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের হাঁস-মুরগি ও গবাদিপশুর পাশাপাশি পোষা প্রাণীও স্থান পেয়েছে। বিশেষ করে ঘোড়া এবং ব্যতিক্রমী জাতের হাঁস-মুরগি দেখতে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ দেখা যায়। প্রাণীর বৈচিত্র্য দেখতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা প্রাণিসম্পদ কমিটির সভাপতি মো. তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম।

সংশ্লিষ্টদের মতে, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালন, উন্নত জাতের সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম, টিকাদান, কৃত্রিম প্রজনন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং এবং নারী উদ্যোক্তা সমাবেশসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪