নওগা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতি জানানোর কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তথ্য জানা গেছে। নিহত সিফাত হোসেন ওই গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করত। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ওই নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে সিফাত। তবে বয়স কম হওয়া এবং পাত্রী তালাকপ্রাপ্ত হওয়ায় তার বাবা-মা এই বিয়েতে রাজি হননি। পরিস্থিতি বিবেচনা করে প্রায় এক সপ্তাহ আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
গ্রামে এসে সিফাত প্রথমে তার নানির বাড়িতে অবস্থান করে এবং তিন দিন আগে নিজ বাড়িতে ফিরে আসে। রোববার দিবাগত রাতে চাচার বাড়িতে নৈশভোজ শেষে রাত ১০টার দিকে সে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়।
পরদিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি শুরু করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, পরিবারের অসম্মতির কারণে সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব