| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে দ্রুত ৫০০ শয্যায় উন্নীত হবে খানপুর হাসপাতাল: এমপি কালাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২৩:২১:৪৩:অপরাহ্ন  |  ২৮৪ বার পঠিত
নারায়ণগঞ্জে দ্রুত ৫০০ শয্যায় উন্নীত হবে খানপুর হাসপাতাল: এমপি কালাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট রয়েছে। হাসপাতালটিকে ৩০০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। ভবনের কাজ শেষ হলে হাসপাতালের অচল বিভাগগুলো আবারও সচল হবে বলে প্রত্যাশা করছেন তারা।

সোমবার (১১ অক্টোবর) নগরীর খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে প্রতিটি হাসপাতালে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে স্থানীয় সংসদ সদস্যরাও রয়েছেন।

তিনি বলেন, ‘সভায় গত দীর্ঘ ১৮ বছর ধরে যে ত্রুটি ও অব্যবস্থা আছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালে অনেক চাহিদা রয়েছে, যেগুলো স্বাস্থ্যসেবা প্রদানে বাধার সম্মুখীন হয়। সেই বাধাগুলো অপসারণ করার জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেটি সরকারি পর্যায় থেকে বা সংশ্লিষ্ট দপ্তর থেকে সংশোধন বা সমন্বয় করে এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারি, সেটি গণমুখী স্বাস্থ্যসেবায় পৌঁছাতে পারি।’

সংসদ সদস্য বলেন, ‘খানপুর হাসপাতালে ডাক্তারের সংকট ও জনবলের সংকট আছে। আপনারা জানেন, এখানে ৩০০ শয্যার হাসপাতাল থেকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। সুতরাং এখানে অনেকগুলো বিভাগ অচল হয়ে আছে। আমরা প্রত্যাশা করছি, খুব দ্রুতই ভবনের কাজ শেষ হয়ে সেসব বিভাগ আবারও সচল হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কমপ্লেক্স ১৫ তলার মধ্যে ৭ তলা কমপ্লিট হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমরা ৩০০ বেড থেকে ৫০০ বেডে যাব। সেখানে গেলে স্বাস্থ্য খাত জনমুখী হবে। এবং এখানে নারায়ণগঞ্জের মানুষেরা স্বাচ্ছন্দ্যে স্বাস্থ্যসেবা নিতে পারবে।’

এ সময় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রমের লক্ষ্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে ৩ হাজার ৭০০টির বেশি ডেঙ্গু পরীক্ষার কিট ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সর্জন ডা. এসএম সাখাওয়াত হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার, পরিবার পরিকল্পনার কর্মকর্তা উপপরিচালক শহিদুল ইসলাম, সমাজ সেবার উপপরিচালক মাসুদুল হাসান তাপস,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর আলম মিয়া,  মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪