টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে তাৎক্ষণিক আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তামান্না ইসলাম তন্নি (২০) দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতি গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. রোমান মিয়া মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শিবরামবাড়ি গ্রামের তুলা মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রোমান মিয়া তার শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে এক রুমে রাত্রিযাপন করেন। রাতে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ঝামেলা নিয়ে কথা কাটাকাটি এবং মারামারি হয়। এক পর্যায়ে স্বামী রোমান শ্বশুর বাড়ির পরিবারের সবাইকে ডেকে জানান তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। পরে বুধবার ভোরে মুমূর্ষু অবস্থায় তন্নিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবী তন্নির গলায় এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা রাতেই স্বামীর দেয়া কোনো আঘাতে তন্নির মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত তন্নির বাবা তোফাজ্জল হোসেন জানান, জামাতা রোমান রাতেই তার মেয়েকে মেরে ফেলেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন।
এলাকাবাসী জানায়, এক বছর আগে রোমানের সাথে বিয়ে হয় তন্নির। সেদিন রাতে রোমান তন্নির ঘরে ছিলেন এবং রাতে তাদের ঝগড়া হয়। তাদের ধারণা রাতেই রোমান শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করে।
এ ব্যাপারে দেউলাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হানিফ জানান, মেয়েটিকে নির্মম অত্যাচার করে তার স্বামী মেরে ফেলেছে। মেয়েটির পরিবার একটি সুখী পরিবার। মাত্র এক বছর আগে অত্যন্ত ঘটা করে মেয়েটির বিয়ে হয়। এমন নির্মম, নির্দয়, নিষ্ঠুর ঘটনা আগে কখনো তাদের এলাকায় ঘটেনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে তিনি সঠিক বিচার দাবি করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদুর রহমান জানান, অভিযুক্ত রোমানকে গ্রেপ্তার করা হয়েছে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রিপোর্টার্স২৪/ঝুম