কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকার একটি মাঠের রাস্তা থেকে আনুমানিক ৩০ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে অন্য কোথাও তাকে হত্যা করে অথবা কোনো কারণে মৃত্যুর পর লাশটি এখানে ফেলে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় বা স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলার ৮ নম্বর পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ৭ বিলের মাঠে স্থানীয় কৃষক সানাউল্লাহ কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু ঘিরে টানাটানি করছে। কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এক ব্যক্তির মরদেহ। মরদেহটির শরীরের একাংশ শিয়ালে খুবলে খেয়েছে।বিষয়টি দেখে তিনি চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ছুটে আসেন।
স্থানীয়রা বিষয়টি দৌলতপুর থানা-পুলিশকে জানান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারপাশ ঘিরে রাখে এবং আলামত সুরক্ষার ব্যবস্থা করে। লাশটিতে আংশিক পচন ধরেছে এবং ফুলে যাওয়ার লক্ষণ রয়েছে। এসব দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় থানায় অপমৃত্যু বা হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশি তদন্তও অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম