| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১৪:২৭:৪১:অপরাহ্ন  |  ৪৩৪০ বার পঠিত
মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনার পরও ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তার দাবি, উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত করতে ‘ফ্যাসিবাদের দোসররা’ হামলা চালিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে চলমান উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে। তার অভিযোগ, উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও পুলিশের কয়েকজন সদস্যের ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নগরবাসীর স্বাভাবিক চলাচলের সুযোগ নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের কার্যক্রম কোনোভাবেই বন্ধ করা হবে না।

শফিকুল ইসলাম খান আরও বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় একটি ভেকু ও পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

তার অভিযোগ, পরিকল্পিতভাবে একটি মসজিদে আগুন দিয়ে এলাকায় অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করা হবে বলে জানান তিনি।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, পুলিশের পক্ষ থেকে এবং ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায় আজকের ঘটনায় সেটিই প্রমাণ হয়েছে। ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান শফিকুল ইসলাম খান। তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করার কাজ করা হচ্ছে। নগরবাসীর স্বাভাবিক চলাচলের সুযোগ নিশ্চিত করা সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য, মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। তিনি বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িতদের অনেককেই ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

শফিকুল ইসলাম খান আরও বলেন, তিনি মিরপুরেরই সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ফুটপাত দখল করে নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪