লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের ছয় থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণতার অভিযোগ রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা, কিশোরদের মধ্যে মারামারি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলার ছয় থানায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ