স্টাফ রিপোর্টার: নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির আজ (২৭ সেপ্টেম্বর) এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে বিঘ্ন সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দুদক জানায়, মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিন পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।
আবেদনে আরও বলা হয়, ছলিম উদ্দিন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তা করেছেন।
এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ ২০২৫ সালের ১৬ জুলাই মামলা করা হয়। মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ