নাটোর প্রতিনিধি: নাটোরে সড়ক দুর্ঘটনায় আবু চাঁদ মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর)সকাল ৮টার দিকে তেবারিয়া হাট থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে পিটিআই মোড়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু চাঁদ মোল্লা বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর (তালতলা) এলাকার নসির উদ্দিন মোল্লার ছেলে। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট মাহমুদুল হাসান সুপার প্রাইমারি স্কুলে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে তেবারিয়া হাট থেকে বাজার করে সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। সকাল আটটার দিকে শহরের পিটিআই মোড়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস আবু চাঁদ মোল্লাকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি ও এর চালককে আটক করার চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম