| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১১ জনের নামে মামলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ২৩:২০:০৭:অপরাহ্ন  |  ৯০২৯০ বার পঠিত
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১১ জনের নামে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উল আহসান উল্লাস বাদী হয়ে কুমারখালী থানায় এজাহার দায়ের করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের বডিগার্ড রুহুল আমিনকে। এ ছাড়া এমপি আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ও ছেলে শোভন হোসেনসহ মারুফ হোসেন, মো. লিটন হোসেন, মো. আল আমিন, সোহান, আল আমিন, সাব্বির, মো. আমিরুল ইসলাম ও সাদিককে এজাহারে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, কুমারখালী পৌরসভার গণমোড় থেকে নবগ্রহ মন্দির পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করছিলেন সাংবাদিক উল্লাস। এ বিষয়ে বাংলা টিভিতে প্রতিবেদনও প্রচার করা হয়।

এর ধারাবাহিকতায় শনিবার সকালে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চলতি দায়িত্বে পৌর প্রশাসক ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করেন। এ সময় সাংবাদিক উল্লাসকেও সেখানে ডেকে নেওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ইউএনও ঘটনাস্থল ত্যাগের প্রায় ৫০ মিনিট পর সাংবাদিক উল্লাস তার ক্যামেরাপার্সন সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে নির্মাণকাজের ভিডিও ধারণ করতে যান। এ সময় একদল লোক তাদের ওপর হামলা চালায়।

সাংবাদিক উল্লাসের অভিযোগ, হামলাকারীদের কয়েকজন বেকি, রামদা, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে তার ওপর হামলা করেন। এতে তার মাথা ও চোখের নিচে আঘাত লাগে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত ও নীলাফোলা জখম হন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা সাংবাদিকদের সঙ্গে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করেন। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। পাশাপাশি ভবিষ্যতে ওই সড়কের নির্মাণকাজ নিয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের হত্যাসহ গুরুতর ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

হামলার পর আহত সাংবাদিক উল্লাসকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪