| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক নাগরিক এক ওয়ালেট ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ২২:৪৯:০৬:অপরাহ্ন  |  ৯৩০৭১ বার পঠিত
এক নাগরিক এক ওয়ালেট ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় যুক্ত করতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট, ‘এক নাগরিক এক ওয়ালেট’ এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  তিনি বলেন, শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহারের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২.০’ শীর্ষক গ্রুপ ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তি পরস্পরের পরিপূরক। ডিজিটাল অর্থনীতির গতি বাড়াতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ অপরিহার্য। শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো ছাড়া ডিজিটাল আর্থিক সেবার সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়।

প্রান্তিক উৎপাদক ও কারিগরদের ডিজিটাল অর্থনীতিতে যুক্ত করার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার প্রান্তিক উৎপাদক ও কারিগরদের চিহ্নিত করা হচ্ছে। তাদের ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্মার্টফোনের সহজলভ্যতার বিষয়টি উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই স্মার্টফোন পাওয়া যাবে। এর ফলে কৃষকসহ সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের সুযোগ আরও বাড়বে। কৃষকেরা এখন সহজেই আবহাওয়ার তথ্য, সারের প্রয়োজনীয় মাত্রা এবং কৃষিপণ্যের বাজারদর জানতে পারছেন।

সরকারের বিভিন্ন সামাজিক ও কৃষিভিত্তিক কর্মসূচির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড এবং ইমাম-পুরোহিতদের ভাতা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেওয়ার উদ্যোগ স্বয়ংক্রিয়ভাবেই আর্থিক অন্তর্ভুক্তি বাড়াচ্ছে।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে উদ্ভাবন যেন থেমে না যায়, সে জন্য প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ও নীতিগত সুরক্ষা বা ‘গার্ডরেইল’ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪