বগুড়া প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছে বগুড়া সিটি করপোরেশন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া সিটি করপোরেশনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদ আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সেরাজুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু, বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার ও সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মশিউর রহমান শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোকী ও সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা এমপি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেশের নগর উন্নয়ন, আবাসন, সরকারি অবকাঠামো নির্মাণ ও গণপূর্ত খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় বগুড়ার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বগুড়া সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে বগুড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে রেজাউল করিম বাদশা এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ