| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণরা চাইলে দেশ বদলে দেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১৩:৩২:১৯:অপরাহ্ন  |  ১৮৩৮২৫ বার পঠিত
তরুণরা চাইলে দেশ বদলে দেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তরুণ সমাজের শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী যদি দেশকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে এগিয়ে আসে, তাহলে সেই পরিবর্তন সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। শতভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত এ রোগ প্রতিরোধ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও সুস্থ রাখতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু নিজের সুস্থতার কথা ভাবলেই হবে না; পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার দায়িত্বও প্রত্যেক নাগরিককে নিতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের একার দায়িত্ব নয়। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তিন মাসব্যাপী এই ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪