| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃণমূল থেকে খেলোয়াড় তুলে এনে খেলাধুলাকে পেশা করতে চায় সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১২:৫২:৩৯:অপরাহ্ন  |  ১৮৬৩০৫ বার পঠিত
তৃণমূল থেকে খেলোয়াড় তুলে এনে খেলাধুলাকে পেশা করতে চায় সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি: খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) শরীয়তপুরের সখিপুর থানার হাবিব উল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু, শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক।

ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার কাজ চলছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে সম্ভাবনাময় খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে খেলার মাঠ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটিতে মাঠ সংরক্ষণের মাধ্যমে দেশজুড়ে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে চায় সরকার।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান। শহরের পাশাপাশি গ্রামের ছেলে-মেয়েরাও যেন খেলাধুলার সুযোগ পায়, সে লক্ষ্যেই তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

খেলাধুলার সঙ্গে তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। একই সঙ্গে এটি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাইনাল ম্যাচে চরচান্দা ফুটবল একাদশ ও আরশিনগর ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে শেষ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে আরশিনগরকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চরচান্দা ফুটবল একাদশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪