| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনদুর্ভোগ লাঘবে লোডশেডিং কমানোর কড়া তাগিদ সিসিক প্রশাসকের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ২৩:৫৯:৪৮:অপরাহ্ন  |  ১২৮৩ বার পঠিত
জনদুর্ভোগ লাঘবে লোডশেডিং কমানোর কড়া তাগিদ সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগরীতে বিদ্যুতের মারাত্মক বিভ্রাট ও ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এমন পরিস্থিতিতে নাগরিক সেবা সচল রাখতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় তিনি লোডশেডিং সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-কে অনুরোধ ও তাগিদ জানান।

মঙ্গলবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে পিডিবি সিলেট অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিদ্যুৎ ব্যবস্থা এখন আধুনিক নগরজীবনের মূল ভিত্তি। বিদ্যুৎ না থাকলে কেবল বাসাবাড়ি বা ব্যবসা-বাণিজ্য নয়, বরং সিটি কর্পোরেশনের দৈনন্দিন নাগরিক সেবাগুলোও থমকে যায়। বিশুদ্ধ পানি সরবরাহ, সড়কবাতি প্রজ্জ্বলন এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ জরুরি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

তিনি আরও বলেন, প্রতিদিন শত শত মানুষ নানা সেবার প্রয়োজনে সিসিক কার্যালয়ে আসেন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকলে অনলাইননির্ভর সরকারি সেবা ও সার্ভার কার্যক্রম বন্ধ হয়ে যায়, যার খেসারত দিতে হয় সাধারণ নগরবাসীকে। তাই কোনো অবস্থাতেই যেন বিদ্যুতের অভাব নাগরিক সেবায় বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে পিডিবিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সিসিক প্রশাসকের উদ্বেগের জবাবে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নগরীর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার অঙ্গীকার করেন।

পিডিবি সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন সভার বাস্তব চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে সিলেটে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে, যার ফলে বাধ্য হয়ে তাদের লোডশেডিং করতে হচ্ছে। তবে সিসিক প্রশাসকের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে তিনি নিশ্চিত করেন যে, নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে লোডশেডিং কমানো এবং নগরীর গুরুত্বপূর্ণ সেবাখাতগুলোতে বিদ্যুৎ সংযোগ বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে।

সভায় সিসিক ও পিডিবির শীর্ষ কর্মকর্তারা একমত হন যে, নগরীর সেবা খাত সচল রাখতে দুই সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় জরুরি। যেকোনো জরুরি বিদ্যুৎ সংকট বা প্রযুক্তিগত ত্রুটি মোকাবিলায় দ্রুত যোগাযোগের মাধ্যমে যৌথভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস উপস্থিত ছিলেন।

এছাড়াও পিডিবির পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ জেড এম আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ৩, ৪ ও ৫-এর নির্বাহী প্রকৌশলী যথাক্রমে মোহাম্মদ আরাফাত, শামছ-ই-আরেফিন, অনিক সরকার ও শ্যামল চন্দ্র সরকার এবং সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪