দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত শিক্ষকদের মাঝে ফুটবল বিতরণ করেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দৌলতপুর উপজেলা যুবদলের সভাপতি বেনজির আহমেদ বাচ্চু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের মাঝে ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি একজন শিক্ষার্থীর মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই তরুণ সমাজের সুস্থ ও ইতিবাচক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। তিনি মনে করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মেধা, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হবে। একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি।
বাচ্চু মোল্লা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মাঠমুখী করতে পারলে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আমাদের লক্ষ্য হবে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা।
শেষে দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার ও কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে একটি করে ফুটবল তুলে দেন সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব