ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রাচীন ‘সোনার মূর্তি’ ও প্রাচীন মুদ্রার লোভ দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা মো. মোস্তফা আলী ওরফে আকাশ আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার বিকেলে শহরের ঠাকুরগাঁও রোড এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ আাগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আকাশ পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের (জগথা) মো. মোবারক হোসেনের ছেলে। পুলিশ জানায়, তিনি একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চোরচালান, মাদক, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক দ্রব্য ও নারী নির্যাতনসহ মোট ২৭টি মামলা রয়েছে।
সোমবার বিকেল তিনটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান জানান, আকাশ শুধু প্রতারক চক্রের মূল হোতাই নন, তিনি একজন চিহ্নিত মাদক সম্রাট। আগে গাজীপুরে বসে মাদকের সিন্ডিকেট চালালেও সম্প্রতি ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় আত্মগোপনে থেকে নকল মূর্তির প্রতারণা ও মাদকের ফাঁদ পাতেন।
ডিবি পুলিশ ওসি গোলাম রসূল বলেন, দিনাজপুরের এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে গত ১৬ জুলাই রাতে রানীশংকৈলের কোচল গ্রামে জনৈক জাহাঙ্গীরের ঘরে মাটির নিচে লুকানো ৬টি সোনালী রঙের কৃষ্ণ মূর্তি (ওজন ৩ কেজি ৭০ গ্রাম), ৫টি ব্রিটিশ আমলের রৌপ্যমুদ্রা ও ১টি পিতলের কলস উদ্ধার করা হয়। সে সময় আকাশ পালিয়ে গেলেও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রিপোর্টার্স২৪/ধ্রুব