বগুড়া প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ জিল্লুর রহমানকে ‘সড়কযোদ্ধা’ পদকে ভূষিত করা হয়েছে। নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মিরাজুল মইন জয়-এর হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা পদক গ্রহণ করেন।
দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর অল্প সময়ের জন্য দেশে ফিরে ১০ আগস্ট ২০২৬ নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে আসেন নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় তার উপস্থিতিতে মোঃ জিল্লুর রহমান ‘সড়কযোদ্ধা’ পদক গ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে সরাসরি এই সম্মাননা গ্রহণের মুহূর্তটি নিসচার নেতাকর্মীদের জন্য ছিল আনন্দ ও আবেগের।
নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়কের আন্দোলনকে তৃণমূল পর্যায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নিষ্ঠা, সক্রিয়তা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে ‘সড়কযোদ্ধা’ পদকে ভূষিত করা হয়েছে।
সম্মাননা গ্রহণের পর মো. জিল্লুর রহমান নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা তার একার নয়, বরং নিরাপদ সড়কের জন্য যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এটি তাদেরও প্রেরণা। ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিসচা কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করে, মো. জিল্লুর রহমান ভবিষ্যতেও তার এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং কাহালু উপজেলায় সড়ক নিরাপত্তা আন্দোলনকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এ সময় নিসচার কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা মো. জিল্লুর রহমানকে অভিনন্দন জানান এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় তার ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব