| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ২৩:০৩:৩১:অপরাহ্ন  |  ২১৩ বার পঠিত
কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের তিনটি বৈঠক শেষ করার এক দিনের ব্যবধানে হঠাৎ দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।

এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। সোমবার দুপুরে তিনি প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ে অনুষ্ঠিত এসব বৈঠক থেকে পাওয়া বার্তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতেই দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর বলে ধারণা করা হচ্ছে। বৈঠকগুলোতে ভারত সম্পর্কে বাংলাদেশের অবস্থান ও মনোভাবের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় উঠে এসেছে বলে জানা গেছে।

তবে ভারতীয় হাইকমিশনারের দিল্লি সফর নিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর সোমবারই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এমন সময়ে এই সাক্ষাৎ হলো, যখন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে তাঁর মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।

খলিলুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরির বিষয়টিও ভারতীয় হাইকমিশনারের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

এদিকে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সরকার শেষ পর্যন্ত সাড়া দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বৈঠকে খুবই ভালো আলোচনা হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনার সুযোগ সবসময় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের নেতারা একসঙ্গে বসলে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে, তবে উভয় দেশের মানুষের প্রত্যাশা একটাই—দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক।

গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এরপর ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

গত এপ্রিলে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম ভারত একজন রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪