| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিনা টিকিটে ভ্রমণ, ট্রেন কর্মকর্তার ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ২১:০৪:৩৪:অপরাহ্ন  |  ৬১৪ বার পঠিত
বিনা টিকিটে ভ্রমণ, ট্রেন কর্মকর্তার ওপর হামলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ প্রতিরোধে টিকিট চেকিং কার্যক্রম চলাকালে বাংলাদেশ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আসামিদের হামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্য জখম হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় একটি এজাহার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা থেকে রাজশাহীগামী আন্ত নগর সিল্কসিটি এক্সপ্রেস (ট্রেন নং ৭৫৩) ট্রেনে এই ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনের ‘এসি চেয়ার’ কোচে দায়িত্ব পালন করছিলেন রেলওয়ের টিটিই ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় পাঁচজন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করছেন বলে দেখতে পান তারা। নিয়ম অনুযায়ী তাদের কাছে ট্রেনের নির্ধারিত ভাড়া ও জরিমানা দাবি করা হলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে অভিযুক্তরা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং কর্তব্যরত কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।

জানা গেছে, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অভিযুক্ত যাত্রীরা পূর্বপরিকল্পিতভাবে স্টেশনের প্রধান ফটক দিয়ে বের হয়ে যান। পরে তারা সংঘবদ্ধ হয়ে রেল কর্মকর্তা ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালান।

এ সময় তাদের ঠেকাতে গেলে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপপরিদর্শক মো. ফজলুর রহমানকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। আহত এসআই ফজলুর রহমানকে উদ্ধার করে প্রথমে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সময় টিকিট চেকিং কার্যক্রমে অংশ নেন সিনিয়র টিটিই উজ্জ্বল কর্মকার, সিনিয়র টিটিই (সিসিএম স্পেশাল স্কোয়াড) এস এম গোলাম মোস্তফা, কন্ট্রোলার গার্ড (গ্রেড-২) আতিকুর রহমান, রাজগ্রাম জিআরপি থানার এএসআই শামীম আহমেদ, এটেন্ডেন্ট রাজু আহমেদ ও রাসেল এহছান।

অভিযোগে আরো বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও আসামিরা সাধারণ যাত্রীদের সামনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করেন। হামলার কারণে রাজশাহী স্টেশনের কাউন্টারে প্রায় এক ঘণ্টা সরকারি কার্যক্রম বন্ধ থাকে এবং পুরো স্টেশন এলাকায় থমথমে পরিস্থিতি দেখা দেয়।

ভুক্তভোগী কর্মকর্তা জানান, ঘটনার সত্যতা প্রমাণে রাজশাহী রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ, আহত সদস্যের চিকিৎসার সনদপত্র এবং বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে আদায়কৃত ভাড়ার রসিদ এজাহারের সঙ্গে জমা দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪