বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এতে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের জেলা শহরে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার চেলোপাড়ায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপি।
সংশ্লিষ্টরা জানান, শাহ ফতেহ আলী সেতু চালু হওয়ায় বগুড়া শহরের সঙ্গে পূর্বাঞ্চলের চার উপজেলার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে কৃষিপণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করা সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব