| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বেশি উইড়েন না, তাহলে অদৃশ্য কেউ এসে সালাম দিয়ে দিবে’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২০:৫২:০৮:অপরাহ্ন  |  ১৩৬৮০ বার পঠিত
‘বেশি উইড়েন না, তাহলে অদৃশ্য কেউ এসে সালাম দিয়ে দিবে’

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী ইসমাইল হোসেন মোল্লাকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি দিয়েছে দুর্বৃত্তরা। শুধু হুমকিই নয়, চিঠির সঙ্গে একটি বাজারের ব্যাগে পাঠানো হয়েছে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান ও গোলাপজল। 

চিঠিতে দুর্বৃত্তরা লেখেন, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই-জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না। কারণ, এই জগৎসংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষবিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি—অদৃশ্য মুসাফির।’

শনিবার (৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে বাসার গেটের সামনে ওই ব্যাগটি দেখতে পান বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লা। বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লা ঘটনাটি আশুলিয়া থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ওই বিএনপি নেতার পরিবারের সদস্যরা জানান, শনিবার ভোর পাঁচটার দিকে বাসার গেটের সামনে বাজার করার একটি ব্যাগ দেখতে পান ইসমাইল হোসেন মোল্লা। পরে ব্যাগ খুলে ওই হুমকির চিঠি ও কাফনের কাপড়, গুলি, আতর, সাবান ও গোলাপজল দেখতে পান।

বিএনপির নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা জানান, ‘এত দিন মনে করছিলাম আমার কোনো শত্রু নাই। এখন দেখছি আমার পিছনে শত্রু লাগছে। কে বা কারা হুমকি দিয়েছে তা বুঝতে পারছি না। তবে এসব হুমকি দিয়ে আমাকে লাভ হবে না, আমি আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাই না। তবে এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে এবং ব্যাগের ভেতর থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও হুমকির চিঠিটি উদ্ধার করেছে। তবে ইসমাইল হোসেন মোল্লা এখনো এ বিষয়ে কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪