| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ১৬:২৫:৫৫:অপরাহ্ন  |  ২৫৯০ বার পঠিত
বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর গ্রামে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, হামলার চেষ্টা ও নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন নুর জাহান আক্তার তুলি নামে এক নারী।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তার মা বদরুন্নেসা ও খালা খুরশিদা বেগম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নুর জাহান আক্তার তুলি বলেন, দীর্ঘ আট বছর প্রবাসে থাকার পর তার ভাই শাহরিয়ার সাগর চলতি বছরের জানুয়ারিতে দেশে ফেরেন। সুলতানপুর বাজারের ওপর তাদের বাড়ি হওয়ায় এলাকায় চুরি-ডাকাতি ও মাদকের প্রভাব বাড়তে থাকায় পরিবারের নিরাপত্তার জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। স্থানীয়দের অনুরোধে ওই ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন অপরাধের ঘটনায় অপরাধী শনাক্তে সহযোগিতা করা হতো বলেও দাবি করেন তিনি।

তুলির দাবি, মুক্তিযোদ্ধা কুদ্দুসের চারটি গরু, হাসি বেগমের ছাগল, আতিয়ারের স্ত্রীর স্বর্ণের চেইন, ইউনুস শেখের অটোরিকশা এবং সরকারি পুকুরের সোলার প্যানেল ও ব্যাটারি চুরিসহ বিভিন্ন ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছিল।

তিনি জানান, গত মে মাসে বিদ্যুৎ না থাকার সুযোগে তাদের বাড়ির সিসিটিভি ক্যামেরা চুরি হয়। এ ঘটনায় স্থানীয় একটি মাদক চক্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে প্রতিবাদ জানালে পিন্টু মোল্লা, বাপ্পি শেখ, দাউদ শেখ, মোতাহারসহ কয়েকজন তাদের ওপর ক্ষিপ্ত হন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

তুলির আরও অভিযোগ, তার ভাই সম্প্রতি বিদেশে চলে যাওয়ার পরও তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গত ৫ আগস্ট অভিযুক্তরা তাদের বাড়িঘর ভেঙে ফেলা এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তার খালা খুরশিদা বেগম ওই অভিযোগের সাক্ষী বলেও জানান তুলি।

সংবাদ সম্মেলনে খুরশিদা বেগম অভিযোগ করেন, অভিযোগের সাক্ষী হওয়ার পর গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পিন্টু ও তার সহযোগীরা প্রকাশ্যে দা নিয়ে তাকে কোপাতে আসে এবং হুমকি দেয়। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত এসআই মাসুদকে একাধিকবার জানানো হলেও তিনি ঘটনাস্থল পরিদর্শন বা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন খুরশিদা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে নুর জাহান আক্তার তুলি তার পরিবারের সদস্য ও মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সুলতানপুর এলাকায় মাদক, চুরি ও সন্ত্রাস দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪