পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা ও সন্ত্রাসবিরোধী একাধিক মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী আল তারিক (৪২)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজী আল তারিক পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার রামের ডাঙ্গা এলাকার শহিদুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশ জানতে পারে আসামি কাজী আল তারিক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে বাসে উঠে বিরামপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল বিরামপুর থানা পুলিশের হাইওয়ে পেট্রোল টিমের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। গভীর রাতে ঢাকাগামী 'আহাদ পরিবহন'-এ তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব