| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাপে ক্যাসিনো আইডি খুলে অনলাইন জুয়ার প্রতারণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ১৬:১৮:০৪:অপরাহ্ন  |  ৬০ বার পঠিত
অ্যাপে ক্যাসিনো আইডি খুলে অনলাইন জুয়ার প্রতারণা

ঠাকুরগাঁও প্রতিনিধি: অনলাইন ক্যাসিনো ও জুয়ার মাধ্যমে প্রতারণার অভিযোগে মোহাম্মদ খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও বিচারিক আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। খোরশেদ আলী ওই এলাকার তোফাজ্জল হোসেন ও মাজেদা বেগমের ছেলে।

পুলিশ জানায়, খোরশেদ ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে নিজের নামে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সাইটে ক্যাসিনো আইডি খুলতেন। পরে বিভিন্ন অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ভার্চ্যুয়াল ক্যাসিনোর ফাঁদে পড়ে এলাকায় অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জুয়ায় সর্বস্ব হারিয়ে একাধিক আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি অবৈধ আয়ে বিপুল পরিমাণ জমিজমা কেনাবেচার কারণে স্থানীয় বাজারে জমির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও জানা গেছে।

পুলিশের ভাষ্য, মাদকের মতো অনলাইন ক্যাসিনোও সমাজের জন্য একটি বড় হুমকি। সাইবার অপরাধ ও অনলাইন ক্যাসিনোচক্রের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪