| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে পানিতে কিশোরীর মরদেহ উদ্ধার,

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ১৬:১০:৩০:অপরাহ্ন  |  ১৫৬১৪ বার পঠিত
মোল্লাহাটে পানিতে কিশোরীর মরদেহ উদ্ধার,

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া দক্ষিণপাড়া এলাকায় জান্নাতি (১৩) নামে এক কিশোরীর মরদেহ বাড়ির পাশের একটি ঘেরের পানিতে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত জান্নাতি সৌদি প্রবাসী আরিফ খানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মা দ্বিতীয় বিয়ের পর অন্যত্র বসবাস করায় জান্নাতি দীর্ঘদিন ধরে দাদির সঙ্গে কোদালিয়া দক্ষিণপাড়ার বাড়িতে থাকত। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার রাতে দাদির সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিল জান্নাতি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘর থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের একটি ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরিবারের দাবি, ভোরে তাল কুড়াতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পিতার স্বজনদের দাবি, জীবিত অবস্থায় জান্নাতির খোঁজখবর তার মা বা মাতুলালয়ের পক্ষ থেকে নেওয়া হতো না। তাদের অভিযোগ, মৃত্যুর পর জান্নাতির মামা আল আমিন থানায় হত্যা অভিযোগ দায়ের করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪