শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সফিকুর রহমান কিরণ এমপি স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, গত ৫ আগস্ট শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংঘটিত ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়। প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে তদন্ত করে আগামী ১২ আগস্টের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ. কে. এম. নাসির উদ্দীনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম। কমিটির সদস্য করা হয়েছে জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরকে।
জেলা বিএনপি নির্ধারিত সময়ের মধ্যে নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটির প্রতি অনুরোধ জানিয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ