| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ০৩:০৫:২৩:পূর্বাহ্ন  |  ১০৩ বার পঠিত
চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার মান্দারী গ্রামে মাদকবিরোধী অভিযানের নামে একটি বাড়ির সামনে গিয়ে এক প্রবাসীকে ইটপাটকেল নিক্ষেপ করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিহত শাহজাহান পাটোয়ারী (৪৫) শাহ মোহাম্মদপুর ইউনিয়নের মান্দারী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মকবুল হোসেন পাটোয়ারী।

বুধবার (৫ আগস্ট) বিকেলে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও মামলার বাদী মো. স্বপন পাটোয়ারীর করা এজাহার অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযানের কথা বলে শাহজাহান পাটোয়ারীর বাড়ির এলাকায় যান। তাঁরা সেখানে কেন এসেছেন, শাহজাহান তা জানতে চাইলে যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন শাহজাহানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন নিহতের স্বজন স্বপন পাটোয়ারী। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযুক্ত চারজন হলেন-লোধেরগাঁও গ্রামের মৃত আলফু গাজীর ছেলে মো. শাকিল গাজী (২৭), মৃত শফিক গাজীর ছেলে মো. সাজিদ গাজী (২৩), মান্দারী গ্রামের আব্দুর রাজ্জাক মিজির ছেলে আল আমিন মিজি (২১) এবং মো. আরাফাত মিজি (১৯)।

মামলার এজাহারে তাঁদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এলাকায় প্রবেশ, হামলা এবং হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সময় কার কী ভূমিকা ছিল এবং মাদকবিরোধী অভিযানের নামে ওই যুবকেরা কেন সেখানে গিয়েছিলেন-এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর এজাহার রেকর্ড করে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, বুধবার রাতে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছিল। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪