ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় অধিগ্রহণকৃত জমি থেকে স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (৬ আগস্ট) শেখপাড়া-লাঙ্গলবাধ (আর-৭১৬) সড়কের পাইকপাড়া, ডাউটিয়া ও চাকিরগাতি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দেবাশীষ অধিকারী।
সওজ ঝিনাইদহের তথ্যমতে, শেখপাড়া-লাঙ্গলবাধ (আর-৭১৬) জেলা সড়ক প্রশস্তকরণ, মজবুতিকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের আওতায় শৈলকুপা উপজেলার পাইকপাড়া, ডাউটিয়া এবং চাকিরগাতি মৌজায় অধিগ্রহণকৃত ২.২৮৬ একর জমিতে ১৯ টি স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী(যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সার্বিক সহযোগিতা প্রদান করে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ, আনসার ও শৈলকুপা থানা পুলিশের একটি দল।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, শেখপাড়া-লাঙ্গলবাধ (আর-৭১৬) জেলা সড়ক প্রশস্তকরণ, মজবুতিকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের আওতায় শৈলকুপা উপজেলার পাইকপাড়া, ডাউটিয়া এবং চাকিরগাতি মৌজায় অধিগ্রহণকৃত ২.২৮৬ একর জমিতে ১৯ টি স্থাপনা উচ্ছেদ করে তা প্রকাশ্য নিলামের মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ১০ টাকায় বিক্রি করা হয়েছে। অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব