শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এবং কারা নির্যাতিত বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁর সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা দাবি করেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও জনসমর্থনের মাধ্যমে তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন।
সমর্থকদের ভাষ্য, ছাত্রজীবন থেকেই মাহবুব মোর্শেদ টিপু মাদবর জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তিনি কারাবরণসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দলের দুঃসময়ে মাঠে থেকে তিনি একজন পরীক্ষিত সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলেও তাদের দাবি।
তৃণমূল নেতাকর্মীরা বলেন, টিপু মাদবর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্বে এসেছেন। জিয়া পরিবারের আদর্শের প্রশ্নে তিনি সবসময় আপসহীন অবস্থান বজায় রেখেছেন এবং তৃণমূলের নেতাকর্মীরা তাঁর পাশে রয়েছেন। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচারের মাধ্যমে তাঁর জনপ্রিয়তা ক্ষুণ্ন করা সম্ভব হবে না বলেও তারা মন্তব্য করেন।
মাহবুব মোর্শেদ টিপু মাদবর তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি তৃণমূলের কাছে সুপরিচিত বলে তাঁর সমর্থকরা দাবি করেন।
তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। দলীয় সংকটের সময়ও তিনি মাঠ ছেড়ে যাননি এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন।
সম্প্রতি তাঁকে ঘিরে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁর অনুসারীরা। তাদের দাবি, এসব প্রচারণার উদ্দেশ্য তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা। তবে দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, জনসমর্থন ও তৃণমূলের আস্থার কারণে এসব অপপ্রচার কোনো প্রভাব ফেলবে না বলেও তারা মনে করেন।
এদিকে, তৃণমূল নেতাকর্মীরা দলীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব