| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০০ উপজেলায় বিতরণ হবে পুষ্টিচাল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ২১:০৬:৫৬:অপরাহ্ন  |  ৪৩৫ বার পঠিত
৩০০ উপজেলায় বিতরণ হবে পুষ্টিচাল

স্টাফ রিপোর্টার: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চলতি ২০২৬–২৭ অর্থবছরে দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে ছয় মাসে মোট ৯ লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হবে। একই কর্মসূচির আওতায় অপুষ্টি দূরীকরণ ও জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৩০০টি উপজেলায় ছয় ধরনের ভিটামিন ও খনিজসমৃদ্ধ পুষ্টিচাল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় জানানো হয়, গত পাঁচ অর্থবছরে সরকারি ব্যবস্থাপনায় গড়ে ৩২ দশমিক ৩২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। আর ২০২৫–২৬ অর্থবছরে বিতরণের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৮ লাখ মেট্রিক টন।

খাদ্যশস্যের চাহিদা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ বিবেচনায় সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুযায়ী, স্বাভাবিক সময়ে নিরাপত্তা মজুত ১৩ লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে ১৪ লাখ মেট্রিক টন এবং দুর্যোগকালীন সময়ে ১৫ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হবে।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি কিংবা যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন দেখা দিলে দুর্গম পার্বত্য এলাকায় দ্রুত খাদ্যশস্য সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতে তিন পার্বত্য জেলায় নতুন খাদ্যগুদাম নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরও জানানো হয়, ২০৩০ সালের মধ্যে দেশের সরকারি খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা আরও ৩০ লাখ মেট্রিক টন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪