লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদক নির্মূলে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের নেতৃত্বে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ি এবং মাদক সেবনের বিভিন্ন স্পটে তল্লাশি চালায় পুলিশ। এই সময় রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক ও জে বি রোড থেকে দুই মাদক সেবীকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক মাদকসেবী ও ব্যবসায়ী পালিয়ে যায়।
অভিযানের শুরু থেকেই প্রতিটি মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওসি ওয়াহিদ পারভেজ। তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে জনসচেতনতামূলক বক্তব্য দেন এবং মাদক নির্মূলে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এসব অভিযানে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/নাঈম