অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে আয়োজিত এক সভায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের জানান, আগামী এক মাসের মধ্যে নদীদূষণ বন্ধে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, শিল্পকারখানা থেকে নির্গত বর্জ্য নিয়ন্ত্রণে প্রতিটি কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন নিশ্চিত করা হবে। এর মাধ্যমে অপরিশোধিত শিল্পবর্জ্য নদীতে ফেলা বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, নদী রক্ষা করা গেলে মানুষের জীবন ও পরিবেশ উভয়ই সুরক্ষিত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ নদীদূষণ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করে এই কার্যক্রমের সূচনা হলেও ভবিষ্যতে দেশের অন্যান্য নদীকেও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ