লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে মাছটি স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
রোববার (২ আগস্ট) সকালে বড় আকারের এই হিলা মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে স্থানীয় মাছঘাটে ভিড় করেন শত শত মানুষ। অনেকেই জানান, এত বড় আকৃতির হিলা মাছ তারা আগে কখনো কাছ থেকে দেখেননি। উৎসুক জনতা মাছটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন।
এমন বড় মাছ পাওয়ায় জেলেদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ। তারা জানান, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে মাছ ধরলেও এ ধরনের বড় হিলা মাছ খুবই কম ধরা পড়ে। এবার মাছটি জালে পাওয়ায় তারা নিজেদের ভাগ্যবান মনে করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীপুরের মেঘনায় এত বড় হিলা মাছ ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না। এ কারণে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ মাছটি দেখতে ঘাটে ছুটে আসেন। দিনভর মাছটি ছিল এলাকার মানুষের আলোচনার বিষয়।
মাছটির ক্রেতা আলী মাঝি বলেন, “এত বড় হিলা মাছ সাধারণত বাজারে পাওয়া যায় না। তাই আগ্রহ থেকেই ৩৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি।”
জেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, মেঘনা নদীতে বড় আকারের মাছ পাওয়া নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য ইতিবাচক দিক নির্দেশ করে। সরকারি নিয়ম মেনে মাছ আহরণ করা হলে ভবিষ্যতেও এ ধরনের বড় মাছ পাওয়ার সম্ভাবনা বাড়বে।
রিপোর্টার্স২৪/রাফিদ