সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, গণভোটের ফলাফল বাতিলের মাধ্যমে সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করেছে। তার দাবি, "গত নির্বাচনে ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে, বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে সেই গণভোটের রায় বাতিল করেছে।"
রোববার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াত আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, "যারা গণভোট মানে না, তারা কি জুলাই বিপ্লবকে স্বীকার করে? যদি সত্যিই জুলাই বিপ্লবকে স্বীকার করত, তাহলে গণভোট বাতিল করত না।"
বক্তব্যে তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার অভিযোগ, বিএনপি বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ এবং সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ বিএনপির ৩১ দফায় রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকার কথা উল্লেখ রয়েছে।
সমাবেশ শেষে উল্লাপাড়া পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ