বেনাপোল প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন খন্দকার মাহাবুবুল হক (৪৫), পিতা মৃত মজিবুর রহমান, জেলা নড়াইল এবং মো. আনিস (৩৬), পিতা মো. সানু মিয়া, জেলা যশোর।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের ঘোষিত চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অদ্য ২০ জুন ২০২৬ তারিখ রাত ২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে আরও একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনগুলোর মূল্য ৩৬ হাজার টাকা বলে জানানো হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া বারগুলো খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।
এ ঘটনায় আটককৃত আসামি ও উদ্ধারকৃত স্বর্ণের বারসহ অন্যান্য আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।#
রিপোর্টার্স২৪/ঝুম