ঝিনাইদহ প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাপক সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং মহেশপুর ৫৮ বিজিবির ধারাবাহিক অভিযানে গত সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত ১৬১ জন আসামিসহ ৯৩ কোটি ১১ লাখ ২৪ হাজার ২৮৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, ৪ হাজার ৬৯০ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২২০ দশমিক ৬৭৬ কেজি গাঁজা, ৮৫ হাজার ৬১০ পিস ইয়াবা, ১ হাজার ৯৪৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৪ হাজার ৭৬৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৯ হাজার ৫৩৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।
অন্যদিকে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৫৫১ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে।
এসব অভিযানে ২৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ, বিদেশি মদ, ইয়াবা, গাঁজা, নেশাজাতীয় সিরাপ ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট। এছাড়া মানব পাচার ও অবৈধ সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে ১৭ জন চিহ্নিত দালালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ৫৮ বিজিবি।
যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানব পাচার ও অবৈধ পারাপার ঠেকাতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে ১৩টি উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, রাতের বেলায় আলোকসজ্জার ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দায়িত্বপূর্ণ জেলাগুলোতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও দায়িত্ব পালন করছে যশোর রিজিয়নের অধীন ইউনিটগুলো। একই সঙ্গে ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট এবং পাচার প্রতিরোধেও কার্যক্রম চালাচ্ছে বিজিবি।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, মহাপরিচালকের ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’এই ভিশন বাস্তবায়নে সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।
রিপোর্টার্স২৪/ঝুম