ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া শান্তি চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির অনেক নাগরিক মনে করছেন, এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা স্বার্থকে যথাযথ গুরুত্ব দেয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রেহোভোত শহরের বহু বাসিন্দা মনে করছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি পরিস্থিতি সাময়িক স্বস্তি দিলেও এর মাধ্যমে মূল সংকটের সমাধান হয়নি। বরং ভবিষ্যতে ইরান আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এমন আশঙ্কাও রয়েছে তাদের মধ্যে।
স্থানীয় বাসিন্দা আভি পেরেজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। একই এলাকার আরেক বাসিন্দা শাহাম নোভিক বলেন, একদিন আমরা সন্তানদের নিয়ে বোমা আশ্রয়কেন্দ্রে ছিলাম, আর পরদিনই বলা হচ্ছে সব স্বাভাবিক। কিন্তু বাস্তবে কোনো সমস্যারই সমাধান হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, অনেক ইসরায়েলি আশঙ্কা করছেন, এই চুক্তির কারণে লেবাননে ইসরায়েলের সামরিক কার্যক্রমেও সীমাবদ্ধতা আসতে পারে। বিশেষ করে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এখনো তারা বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। সমালোচকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি রোধ, সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক প্রভাব সীমিত করার যে লক্ষ্য তিনি নির্ধারণ করেছিলেন, তার অনেকটাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
তবে সমালোচনার মধ্যেও নেতানিয়াহুর প্রতি উল্লেখযোগ্য সমর্থন বজায় রয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নিরাপত্তা সংকট মোকাবিলায় তার অভিজ্ঞতার ওপর এখনো অনেক ইসরায়েলির আস্থা রয়েছে।
অন্যদিকে, দেশটির অভ্যন্তরে সামাজিক ও অর্থনৈতিক চাপও বাড়ছে। দীর্ঘমেয়াদি সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার কারণে সমাজে বিভাজন গভীর হচ্ছে বলে মনে করছেন অনেকে। নিরাপত্তার পাশাপাশি মূল্যস্ফীতি, আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয়ও এখন সাধারণ মানুষের বড় উদ্বেগে পরিণত হয়েছে।
রেহোভোতের বাসিন্দা দালিয়া পেরেজ বলেন, আমি একসময় শান্তির আশা করতাম। এখন মনে হয় আমাদের সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কাউকে পুরোপুরি বিশ্বাস করা যায় না।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি এবং আঞ্চলিক উত্তেজনার এই পরিবর্তিত পরিস্থিতি আগামী নির্বাচনে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম