| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে ইসরায়েল ও হিজবুল্লাহ

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ২৩:২৭:৩০:অপরাহ্ন  |  ১৩৬৯ বার পঠিত
পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে ইসরায়েল ও হিজবুল্লাহ

রিপোর্টার্স২৪ ডেস্ক: লেবাননে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহায়তায় কয়েক দফা আলোচনার পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সমঝোতার মাধ্যমে সাম্প্রতিক সহিংসতা প্রশমনের পথ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও লেবানন সীমান্তে নতুন করে সংঘর্ষ বৃদ্ধি পায়। এর ফলে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দেয়। বৃহস্পতিবার রাতভর লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জেরে শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত করা হয়।

এর আগে হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব নয় বলে সংগঠনটিকে জানিয়েছিল ইরান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতভর ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়। চলমান সংঘাতে এটিকে হিজবুল্লাহর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তিতে লেবাননসহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধের বিষয়ে অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন যুদ্ধবিরতি কার্যকর থাকলে তা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চলতি সপ্তাহের শুরুতে সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে এলেও সাম্প্রতিক কয়েক দিনে আবার সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। নতুন এই যুদ্ধবিরতি সেই উত্তেজনা প্রশমনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪