| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ২১:৩৫:০৪:অপরাহ্ন  |  ৭৮৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি

চাঁদপুর প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টুলেন ইউনিভার্সিটিতে গণিতে পিএইচডি করার জন্য প্রায় ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি।

২০২৬ সালের ফল সেমিস্টার থেকে তিনি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অবস্থিত টুলেন ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরাল প্রোগ্রামে যোগ দেবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ভর্তি ও আর্থিক সহায়তাসংক্রান্ত চিঠি অনুযায়ী সানজিদা প্রতি শিক্ষাবর্ষে স্টাইপেন্ড ও গ্রীষ্মকালীন গবেষণা সহায়তা বাবদ ৩০ হাজার মার্কিন ডলার পাবেন। এছাড়া তাঁর সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হয়েছে, যার বার্ষিক মূল্য ৬৫ হাজার ৪ মার্কিন ডলার। শিক্ষার্থী স্বাস্থ্যবিমার (TSHIP) শতভাগ ব্যয়ও বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাঁচ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে এসব সুবিধার সম্মিলিত বাংলাদেশি মুদ্রামানে মূল্য প্রায় ৫ কোটি ৮২ লাখ টাকা।

সানজিদা আক্তার তুলি মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মতলব উত্তর উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক অজুফা সরকারের কন্যা।

তাঁর শিক্ষাজীবন শুরু হয় নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে মান্দারতলী মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নিজের এ অর্জন সম্পর্কে সানজিদা বলেন, “একটি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ পাওয়া আমার জীবনের একটি বড় স্বপ্নপূরণ। পরিবারের সমর্থন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিরলস পরিশ্রম আমাকে এ পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। আমি চাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, বুঝতে পারুক যে জন্মস্থান নয়, স্বপ্ন ও অধ্যবসায়ই মানুষের গন্তব্য নির্ধারণ করে।”

সানজিদার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়দের মতে, তাঁর এই অর্জন মতলব উত্তরসহ সমগ্র চাঁদপুর জেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪