সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু।
শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার মেছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সভায় মজিবুর রহমান লেবু বলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দলের প্রত্যেক নেতা-কর্মীর পাশে পরিবারের সদস্যের মতো ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করতে মাঠে সক্রিয় থেকেছেন।
তিনি আরও বলেন, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। নির্বাচিত হওয়ার মতো অবস্থানে থাকলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ফলাফল পরিবর্তন করে তাকে পরাজিত দেখিয়েছে বলে দাবি করেন তিনি।
লেবু বলেন, “বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সহযোগিতায় সিরাজগঞ্জ সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন ঠান্ডুসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন