| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমীর

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৯:১৪:২৭:অপরাহ্ন  |  ১৪৬৮ বার পঠিত
বিএনপি দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপি দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের জনগণ কোনোভাবেই একদলীয় শাসন মেনে নেবে না।

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ইতোমধ্যে সরকার বিভিন্ন অঘটন ঘটিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, বিভিন্ন ব্যাংকের ওপর প্রভাব, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দলীয় অনুগতদের বসানো এবং জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, “শেখ মুজিবুর রহমানও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, যা দীর্ঘস্থায়ী হয়নি। সুতরাং একদলীয় শাসন এ দেশের মানুষ কখনো মেনে নেবে না।”

বিরোধী দলীয় নেতা বলেন, “২৪-এর গণআন্দোলনের পর যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে যারা ত্যাগী আন্দোলনকারীদের অবমূল্যায়ন করবে, তারা নিজেদের সাথেই গাদ্দারি করবে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “নির্বাচনে নানা ধরনের অনিয়ম, ভয়ভীতি ও কারচুপির মধ্যেও বিরোধী জোট কিছু আসনে বিজয় অর্জন করেছে। সঠিক ভোট গণনা হলে আরও আসনে জোট বিজয়ী হতো।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অবস্থান পরিবর্তন নিয়ে বিভিন্ন মন্তব্য করে দাবি করেন, “গণভোট নিয়ে শুরুতে এক অবস্থান থাকলেও পরে জনমতের চাপে অবস্থান বদল হয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সংসদ ও সরকার গণআন্দোলনের রক্ত ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে। তাই শহীদদের অবমূল্যায়ন করা উচিত নয়।”

চাঁদাবাজি ও দুর্নীতি প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বেড়েছে এবং এটি রাষ্ট্র ও সমাজের জন্য বড় হুমকি। তিনি দাবি করেন, ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাধীনভাবে কথা বলতে পারছেন না।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় চাঁদাবাজি চলছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবদুল জব্বারের নাম ঘোষণা করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪