টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে একাধিক ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার ও উচ্চ জলাধারের নির্মাণকাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (১৯ জুন) সকালে টাঙ্গাইল শহরের আশেকপুর ও কলেজপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, প্রাক্কলনিক মীর মহসিন উদ্দিন আকাশ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইল পৌরসভার বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন করে দুটি ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার ও দুটি উচ্চ জলাধার নির্মাণ করা হচ্ছে।
এর মধ্যে প্রতিটি পানি পরিশোধনাগারের পরিশোধন ক্ষমতা ঘণ্টায় ৩৫০ ঘনমিটার এবং প্রতিটি উচ্চ জলাধারের ধারণক্ষমতা ৬৮০ ঘনমিটার। পানি পরিশোধনাগার নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১ লাখ ৩৬ হাজার ৭৯৪ টাকা এবং উচ্চ জলাধার নির্মাণে ব্যয় হবে ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৩১১ টাকা।
প্রকল্পের আওতায় পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে নিরাপদ পানি সরবরাহ করা হবে। এছাড়া প্রকল্পের অন্তর্ভুক্ত ৯টি উৎপাদক নলকূপ স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে টাঙ্গাইল পৌর এলাকার পানি সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং বাসিন্দারা নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ সুবিধা পাবেন।
রিপোর্টার্স২৪/এসএন