| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১২:৫৬:১৯:অপরাহ্ন  |  ১৯৩৪ বার পঠিত
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)। খবর দিয়েছে আল জাজিরা।

এনএনএর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতের পর শুরু হওয়া এ হামলা সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে চালানো সবচেয়ে তীব্র ইসরাইলি সামরিক অভিযানের অন্যতম। একাধিক আবাসিক ভবন ও জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়।

সংস্থাটি জানায়, নাবাতিয়েহ শহর, কফার জৌজ, কফার রেমান এবং জেবদিনসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রথমে কামানের গোলাবর্ষণ করা হয়। পরে কফার তিবনিত ও রাইহান পাহাড়ি অঞ্চলজুড়ে একের পর এক বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

হামলায় নাবাতিয়েহ ও হারুফ এলাকায় অন্তত আটজন নিহত হন। এছাড়া আল-শারকিয়া ও দুয়েইরের মধ্যবর্তী একটি আবাসিক বাড়িতে হামলায় চারজন এবং কফার সির শহরে পৃথক হামলায় আরও তিনজন প্রাণ হারান।

এদিকে দুয়েইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রগুলোর দাবি, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক মাসগুলোতে লেবানন-ইসরাইল সীমান্তজুড়ে উত্তেজনা বাড়তে থাকলেও নাবাতিয়েহ অঞ্চলে এক রাতে এত বড় প্রাণহানির ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪