| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাট সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০৬:০০:৪৬:পূর্বাহ্ন  |  ২৭৩৭ বার পঠিত
জয়পুরহাট সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এমন অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে সেই চেষ্টা সফল হয়নি। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

রোববার সকালে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধকে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, সকালে সীমান্তসংলগ্ন একটি মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি তাদের কাছে এসে খাবার ও পানি চান। পরে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন।

ওই ব্যক্তি কৃষকদের জানান, ভোরে বিএসএফ সদস্যরা তাকে সীমান্ত এলাকায় এনে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষকেরা হাটখোলা বিজিবি ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ড থেকে সরিয়ে ভারতীয় অংশে ফেরত পাঠানোর উদ্যোগ নেন। পরে বিএসএফ সদস্যরা তাকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখেন বলে স্থানীয়দের দাবি।

সরেজমিনে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ওই বৃদ্ধ অবস্থান করছেন। এপারে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন অবস্থান নিয়েছেন। অপর পাশে রয়েছেন বিএসএফ সদস্যরা। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪