খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ি এলাকায় দুই শতাধিক অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।
রোববার (১৪ জুন) জেলার দুর্গম নির্মল চন্দ্র কার্বারীপাড়া এলাকায় দিনব্যাপী এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। খাগড়াছড়ির জনপ্রিয় প্রতিষ্ঠান হোটেল গাইরিংয়ের সহযোগিতায় ইন্টারনাল মেডিসিন ও ক্লিনিক্যাল কার্ডিওলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।
‘একটি হাসি ও সঠিক চিকিৎসা, দুটোই জীবন বাঁচাতে পারে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দারা এদিন স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণের সুযোগ পান।
চিকিৎসাসেবা প্রদানকালে প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেন। পাশাপাশি বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন আদিনা রহমান, হোটেল গাইরিংয়ের স্বত্বাধিকারী ও সমাজসেবক এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, জামাল হোসেন, ডা. অর্পণ ত্রিপুরা, অতসী, সোহাগ ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি তাদের জন্য বিরল সুযোগ। তাদের মতে, এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ মিতু