| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় ১৩ বছরের স্কুলছাত্রী অপহরণ, এক সপ্তাহেও মেলেনি সন্ধান

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১৫:০৯:৫০:অপরাহ্ন  |  ৩৪৬০ বার পঠিত
নওগাঁয় ১৩ বছরের স্কুলছাত্রী অপহরণ, এক সপ্তাহেও মেলেনি সন্ধান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় কোচিং ও স্কুলে যাওয়ার পথে নাছরিন আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

রোববার (১৪ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ছাত্রীর মা মোছা. নেসপাতি বেগম কান্নাজড়িত কণ্ঠে মেয়েকে দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৭ জুন সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো তার ছোট মেয়ে নাছরিন আক্তার কোচিং ও স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময় পার হলেও সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা জানতে পারেন, ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের মগলের গোল পাকা রাস্তা এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে নাছরিনকে অপহরণ করে ভাণ্ডারপুরের দিকে নিয়ে যাওয়া হয়।

পরিবারের অভিযোগ, অপহরণের মূল পরিকল্পনাকারী তাদের প্রতিবেশী বেলাল হোসেনের ছেলে রায়হান হোসেন (২৫)। এ ঘটনায় বেলাল হোসেন (৫২), শিরিন আক্তার (৪৫) ও সুমন হোসেন (২৮) তাকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়।

নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা দুর্ব্যবহার করেন এবং মেয়েকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করেন নেসপাতি বেগম। বর্তমানে প্রধান অভিযুক্ত রায়হান হোসেন ও নাবালিকা স্কুলছাত্রী অজ্ঞাত স্থানে রয়েছেন। এতে মেয়ের নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ প্রশাসন, পুলিশ সুপার এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন নাছরিন আক্তারের বাবা হিটলার, বড় ভাই নাসিব হোসেন, স্থানীয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম, জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা দ্রুত মেয়েটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমসহ অভিযুক্তদের আটক করতে পুলিশ কাজ করছে।’

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪