| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১১:৫১:০৫:পূর্বাহ্ন  |  ৫০৯১ বার পঠিত
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বেপরোয়া গতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যাত্রীবাহী ইজিবাইকের চালক রফিকুল ইসলাম মারা গেছেন। শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত রফিকুল ইসলাম মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার জলিল শেখের ছেলে। এর আগে শনিবার সকালে মেহেরপুর-ফতেপুর সড়কের কায়েমকাটা মোড়ের অদূরে সংঘটিত এ দুর্ঘটনায় এক শিশু ও এক নারীসহ চারজন গুরুতর আহত হন।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে রফিকুল উজলপুর থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে কায়েমকাটা মোড়ের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উজলপুরগামী একটি বেপরোয়া গতির খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-১৭১৩) ইজিবাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি মুহূর্তেই দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান।

সেখানে আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সংঘর্ষের কারণে ট্রাকটির জ্বালানি তেলের ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় তেলের সংকট দেখা দিলে চালক ট্রাকটি উজলপুর কুঠিপাড়া বাজার এলাকায় ফেলে রেখে পালিয়ে যান। পরে সদর থানা পুলিশ ট্রাকটি জব্দ করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪