| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তালা ভেঙে অভিষেকের বাড়িতে পুলিশি অভিযান, রাতেই ছুটে যান মমতা

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৯:২২:৪৬:অপরাহ্ন  |  ৮০৬৮ বার পঠিত
তালা ভেঙে অভিষেকের বাড়িতে পুলিশি অভিযান, রাতেই ছুটে যান মমতা
ছবির ক্যাপশন: সংগৃহীত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৩টার দিকে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।পুলিশের সঙ্গে অভিযানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

তদন্ত সূত্রে জানা যায়, একটি আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় দায়ের হওয়া ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহায়ক (পিএ) সুমিত রায়ের নাম উঠে আসে।

পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে বলা হয়, সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালীঘাটের ওই বাড়ির ভেতরেই তার অবস্থান শনাক্ত করা হয়। এরপরই পুলিশ যৌথভাবে বাড়িটি ঘিরে ফেলে এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়।

অভিযানের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি তিনি।

অভিযান শেষে সকালে বাড়ি থেকে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোররাতে পুলিশ এসে বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়।

এদিকে, পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে অভিযান থেকে কাউকে আটক করা হয়েছে কি না বা কোনো সামগ্রী জব্দ করা হয়েছে কি না। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।


অভিষেকের পর সুমিতের খোঁজে পুলিশ, শাশুড়ির ক্ষোভ—‘খুঁজুন, খুঁজুন’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জীর আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে এবার শ্রীরামপুরে অভিযান চালিয়েছে পুলিশ। এর আগে কলকাতার কালীঘাট ও হুগলিতেও তার খোঁজে তল্লাশি চালানো হয়, কিন্তু কোথাওই তাকে পাওয়া যায়নি।

হুগলির শ্রীরামপুর-এর বিবেকানন্দ সরণিতে সুমিত রায়ের শ্বশুরবাড়িতে শুক্রবার রাতে পুলিশ পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা যায়, সুমিত ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। তবে এদিন তল্লাশির সময়ও তিনি সেখানে ছিলেন না।

সুমিতের শাশুড়ি পুলিশের অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি সাংবাদিকদের বলেন, সুমিত গত কয়েক দিনে শ্বশুরবাড়িতে আসেননি। কোথায় আছেন তা তারা জানেন না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, “খুঁজুন, খুঁজুন। দেশের পুলিশ আছে, তারা খুঁজে আনুক।”

পুলিশ সূত্রে জানা গেছে, সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সর্বশেষ পাওয়া যায় কলকাতার কালীঘাট এলাকায়। সেই সূত্র ধরেই শালবনি থানার পুলিশ প্রথমে সেখানে অভিযান চালায়। পরে শ্রীরামপুরেও তল্লাশি চালানো হয়।

পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্মকর্তা জানান, জমি সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবে সুমিতের নাম উঠে এসেছে। ওই মামলায় সম্প্রতি প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার গ্রেফতারির পর অর্থ লেনদেনের সূত্র ধরে নতুন করে কয়েকজনের নাম সামনে আসে বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানিয়েছে, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সুমিত রায়ের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। আনন্দবাজার 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪